অবিশ্বাস্য জয়ের তিন দিন পার না হতেই বড় হোঁচট খেলো বাসেৃলোনা। রোববার লা লিগায় দেপোর্তিভো লা করুনার কাছে ২-১ গোলে হেরে গেছে দলটি। আর এতে তাদের জেগে ওঠা শিরোপা স্বপ্নটা একটু হলেও ম্লান হলো। ২৭ খেলায় বার্সেলোনার পয়েন্ট ৬০। আর রিয়াল মাদ্রিদের ২৫ থেলায় ৫৯। রোববার রাতেই তাদের খেলা রয়েছে নিজেদের মাঠে রিয়াল বেটিসের বিপক্ষে।
বুধবার নিজেদের মাঠে প্যারিস সেইন্ট জার্মেইকে ৬-১ গোলে হারিয়ে অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বার্সেলোনা। তবে ওই খেলার দলে পাঁচ পরিবর্তন এনেছিলেন কোচ লুইস এনরিকে। সেদিনের জয়ের নায়ক নেইমার খেলতে পারেননি চোটের কারণে। জোসেলুর খুব কাছ থেকে করা গোলে প্রথমার্ধে এগিয়েছিল স্বাগতিক দেপোর্তিভো। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লুইস সুয়ারেজের গোলে সমতা ফিরিয়েছিল বার্সা। কিন্তু আলেক্স বার্গান্তিনোসের হেডে করা গোল ফের পিছিয়ে দেয় তাদের। শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি কাতালানরা। সুয়ারেজের গোলের পর এই প্রথম হার দেখলো বার্সেলোনা। উরুগুয়ের এ স্ট্রাইকারের গোলকরা ৬৭ ম্যাচে জিতেছে বার্সেলোনা আর ড্র করেছে ৫টিতে। আর লায়নেল মেসি ছয় থেলায় এই প্রথম গোলবঞ্চিত থাকলেন।

0 comments :
Post a Comment